অণুগল্প লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অণুগল্প লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ঝলসানো রুটি

দ্রুত বিকেলের আলো ফুরিয়ে আসছে। মরদ সেই কাকভোরে কাজে বেরিয়ে গেছে। ঘন্টাখানেক পরেই বাড়ি ফিরবে। বাড়ি বলতে এখন রেললাইন থেকে একটু দূরে একচিলতে জমিতে প্লাস্টিকের একটা ছাউনি। ফিরে এসেই সে ভাত খেতে চাইবে, অথচ ঘরে চাল বাড়ন্ত। শেফালি তাই দৌড়ে চলে এসেছে রেশনের দোকানে। এদিকে সন্ধে হলেই দোকানদার ঝাঁপ ফেলে দেবে।

তাড়াতাড়ি পা চালিয়ে শেফালি এসে দেখল দোকানের সামনে বিশাল ভিড়। অন্যদিন এত লম্বা লাইন তো থাকে না! এত মানুষের ভিড় ঠেলে যতক্ষণে সে সামনে পৌঁছবে, তখন যদি আর চাল না দেয়? এখন তো আর শুধু রেশন-কার্ড দেখালেই হয় না। একটা যন্ত্র আছে, সেটাতে ওরা আঙুলের ছাপ নেবে। সই করাবে। তারপর রেশন দেবে। অনেক ঝক্কি আছে।

শেফালি রেশন-কার্ড আর ব্যাগ হাতে আরও একটু এগিয়ে গেল। দোকানের ভেতর একটা টিভি চলছে। ভিড়টা সেখানেই বেশি। বুড়ো-বাচ্চা সবাই হাঁ করে তাকিয়ে আছে। বেশিরভাগ সময় টিভিতে সিনেমা চলে। তখন আশেপাশের দু’-চারজন দোকানের সামনে দাঁড়িয়ে দেখে। কিন্তু এখন টিভির পর্দাটা কালো লাগছে। সোনালি রঙয়ের ছোট্ট কিছু একটা পর্দার মাঝখানে দুলছে। 

শেফালির সামনে এখন মাত্র একজন দাঁড়িয়ে আছে। তার মানে আজ সে-ও রেশন পেয়ে যাবে। একটি ছেলেকে শেফালি জিজ্ঞেস করল,  “হ্যাঁ-রে বাপ, তোরা কি দেখছিস সবাই?”

ছেলেটি তখন বিরাট উত্তেজিত। ভ্রূ কুঁচকে শেফালির দিকে একবার তাকাল। তারপর টিভির পর্দা থেকে চোখ না সরিয়েই বলল, “মাসি চাঁদ দেখাচ্ছেচাঁদ।”

শেফালি একটু অবাকই হল। টিভিতে এখন চাঁদ দেখাচ্ছে? এই তো আজ বাদে কাল পূর্ণিমা। রাত হলেই তো সবাই চাঁদ দেখতে পাবে। সে ছেলেটিকে বলল, “আকাশের দিকে তাকালেই তো হয় বাপ।”

না গো মাসি। গতমাসে ইণ্ডিয়া একটা চন্দ্রযান পাঠিয়েছিল। সেটা একটু পরেই চাঁদের মাটিতে গিয়ে পোঁছাবে। বুঝলে কিছু?”

গতমাসেই তো সরকারি বুলডোজার এসে রেললাইনের পাশে তাদের বস্তির সবকিছু ভেঙে গুঁড়িয়ে দিয়ে গেছে। পুলিশ বলে গেছে শেফালিরা নাকি ওখানে এতদিন বেআইনিভাবে বাড়ি তৈরি করে ওখানে থাকত। অথচ বিয়ের মাসখানেক পরেই তারা ওই বাড়িতে এসে উঠেছিল। বড় মেয়েটা তো আর কমাস পরেই তেইশে পড়বে। শেফালি আবার রেশন-কার্ডটার দিকে তাকাল। ভেঙে দেওয়া ওই বাড়িটার ঠিকানাই তো এখনও কার্ডে লেখা আছে।

শেফালি সত্যিই কিছু বুঝতে পারল না। দোকানে আসার পথে সে কয়েকটা আলু আর লঙ্কা কিনে নিয়েছে। মাইনে পেতে এখনও অনেকদিন বাকি। তবে মরদ তার গরম মাড়-ভাতে একটু আলুসেদ্ধ আর লঙ্কা পেলেই খুশি। হাপুস-হুপুস করে খেয়ে নেয়।

শেফালি ব্যাগটা দোকানদারের সামনে এগিয়ে দেবার সময় হঠাৎই সবাই একসাথে বিশাল চিৎকার করে উঠল। কেউ কেউ দুহাত তুলে লাফাচ্ছে। কেউ হাততালি দিচ্ছে আর বলছে, “নেমে গেছে। নেমে গেছে।”

শেফালি এবার দোকানদারকেই জিজ্ঞেস করল, “দাদা, ওরা এত লাফাচ্ছে কেন?”

দোকানদার শেফালির ব্যাগে চাল ঢেলে দিতে দিতে বলল, “দিদি, ওরা যে দুবেলা পেট ভরে খেতে পায়।”

চাল-ভর্তি ব্যাগটার মুখে গিঁট দিতে দিতে শেফালির বুক থেকে একটা স্বস্তির দীর্ঘশ্বাস বেরিয়ে এল। সে বাড়ির দিকে দৌড় লাগাল। মিউনিসিপ্যালিটির ট্যাপকলে জল আসার সময় হয়ে এসেছে যে!

অদৃশ্য

দুপুরে খাওয়ার পরে বাসন ধুচ্ছিল মাধুরি। বসার ঘরে টিভি দেখতে দেখতে কর্তা চেঁচিয়ে উঠলেন
, “জানো, লকডাউন বেড়ে গেল। মে মাসে শেষ পর্যন্ত।”

লকডাউন। লকডাউন । লকডাউন।

আবার লকডাউন বেড়ে গেল শুনে মাধুরি ক্ষেপে গেলেন। গত দু’মাসে এই নিয়ে চারবার। লকডাউনের প্রথম ক’দিন বেশ মজা হল। একদিন সবাই মিলে থালা-বাটি বাজিয়েছিল। ক্লাবের ছেলেদের সাথে একশো-দেড়শো প্যাকেট চাল-ডাল-তেল দিয়ে এসেছিলেন পাশের বস্তির মানুষদের। দেদার ছবি তুলে ফেসবুকে দিতেই কয়েক হাজার লাইক পড়েছে। নন্দীবৌদির সাথে একদিন ছাদে দেখা হল। বাব্বাঃ, আজকাল আকাশটা কি নীল লাগছে। কারখানা বন্ধ। দূষণ হচ্ছে না। নতুন নতুন পাখি আসছে। বৌদির সাথে কিছুদিন কথা বন্ধ ছিল। এবার নন্দীদা সোসাইটির সম্পাদক হয়েছেন। বলা তো যায় না, কখন কে কার কাজে লেগে যায়। বৌদি জিজ্ঞেস করছিলেন, রেশনের কূপন পেয়েছো?

আলাপ


দর্শকভর্তি হলঘরের মঞ্চে কবিরা একটার পর একটা কবিতা পড়ে চলেছেন যেন একটু আগেই পৃথিবী জন্ম নিয়েছে। কারণ পৃথিবীতে যে কোন প্রান্তে যখনই কোন কবিতা পড়া হয়, তখনই একটি করে নতুন জগতের জন্ম হয়। আবেশমুগ্ধ শ্রোতাদের মৃদু হাততালি যেন উচ্চারিত কবিতার শব্দগুলোকে সরোদের পাশে তানপুরার মতো সঙ্গত দিচ্ছে  

পরিবেশের সাথে তাল মিলিয়ে অর্ক তার ইচ্ছের নিজস্ব জাদুবলে হলঘরের আলোগুলোকে এক নিমেষে নিভিয়ে দিয়ে সভাপতির টেবিলে কয়েকটা রঙিন মোমবাতি জ্বেলে দিল কি আশ্চর্য! মোমবাতির নরম আলোয় কবিতাগুলো যেন তাদের শব্দ-দেহ ছেড়ে ঝাঁকে ঝাঁকে রঙিন প্রজাপতি হয়ে ঘরময় উড়ে বেড়াতে থাকলো

অর্ক একা একা বসে প্রজাপতির ওড়াওড়ি দেখছে প্রজাপতির শরীরে কবিতার শব্দগুলো তাকে ছুঁয়ে যাচ্ছে। মনে হলো সেই হলঘরে যেন আর কেউ নেই